চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন (Social and Behavior Change—SBC) কার্যক্রম জোরদারে ভোলার চরফ্যাশনে চ্যাম্পিয়ন ফাদার ও মাদারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন (SBC) প্রকল্পের আওতায় বুধবার ও বৃহস্পতিবার (১৯ ও ২০ আগস্ট) আমিনাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে মা ও শিশুর যত্ন, সামাজিক ও আচরণ পরিবর্তন, ইতিবাচক অভিভাবকত্ব, বয়সসন্ধিকাল ও কৈশোরকালীন যোগাযোগ, কমিউনিটি এনগেজমেন্ট, সেবা গ্রহণে রেফারেল এবং প্রয়োজনীয় সেবা প্রাপ্তিসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কমিউনিটি পর্যায়ে বাস্তবসম্মত অ্যাকশন প্ল্যান তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে শিশুর বেড়ে ওঠায় ইতিবাচক অভিভাবকের ভূমিকা, Positive Parenting, বয়সসন্ধিকাল ও কৈশোরকালীন যোগাযোগ, বাল্যবিবাহ (Early Childhood Marriage—ECM) ও Gender-Based Violence (GBV) প্রতিরোধে অভিভাবকদের ভূমিকা, Community Engagement এবং Referral ও সেবা প্রাপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন সুশীলনের প্রকল্প সমন্বয়কারী সাজিব রহমান ও প্রজেক্ট অফিসার জগন্নাথ রায়।
বক্তারা বলেন, পরিবার ও সমাজে ইতিবাচক আচরণ প্রতিষ্ঠার মাধ্যমে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে চ্যাম্পিয়ন ফাদার ও মাদাররা নিজ নিজ পরিবার ও কমিউনিটিতে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তারা আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব নিশ্চিত, স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহ প্রদান এবং শিশু-কিশোরদের কল্যাণে অংশগ্রহণকারীরা কার্যকর ভূমিকা রাখবেন।
দুই দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীদের পোস্ট-টেস্ট, মূল্যায়ন ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে কমিউনিটি পর্যায়ে বাস্তবসম্মত অ্যাকশন প্ল্যান তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।