নিজস্ব প্রতিবেদক:: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বহু বছর ধরেই বাংলাদেশের তরুণ হাফেজে কোরআনগণ বিশ্বের বিভিন্ন দেশে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়াসহ শীর্ষস্থান অর্জন করছেন। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগিদের হারিয়ে তারা বাংলাদেশের নাম ও সম্মান উজ্জ্বল করছেন। এটা আমাদের জন্য গৌরবের। এই হাফেজে কুরআনদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত তাদের অর্জনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উদযাপন করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত।
সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৬-এ ১৩৩ দেশের মধ্যে ১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বজয় করা হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার সাফল্যের কথা জেনে পীর সাহেব চরমোনাই হাফেজ নুরুদ্দিন জাকারিয়া, তার উস্তাদ আর রায়হান মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতী কাইয়ুম মোল্লা এবং বিশ্বজয়ী হাফেজের পিতা মাওলানা নুরুল আমিনকে চরমোনাইতে আমন্ত্রণ জানান। আজ দুপুরে চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদে তাদের সম্মানে সংবর্ধনা আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক হাসিব আর রহমানসহ চরমোনাই জামেয়ার উস্তাদবৃন্দ।
এবারের এই প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী বিশ্বজয় করা অন্য একজন হাফেজে কুরআন, হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও পীর সাহেব চরমোনাই আমন্ত্রণ জানাবেন এবং সংবর্ধনা প্রদান করবেন ইনশাআল্লাহ। এছাড়াও একই প্রতিযোগিতায় নারী বিভাগে বিজয়ীদের কাছেও সংবর্ধনাপত্র পৌঁছানো হবে।