নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মেহেদী হাসান সজল (২১) ও মাসুদ রানা (২০)।পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মো. দেলোয়ার হোসেন-এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক অবস্থায় ওই দুই যুবককে আটকের পর তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের উৎস এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।