বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে বাকেরগঞ্জে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন খান অপু।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮ টায় এমপি আবুল হোসেন খানের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন খান অপু বলেন, দীর্ঘদিন ধরেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তার চাচা আবুল হোসেন খান বর্তমান এমপি। তিনি কখনো চাচার পরিচয় দিয়ে রাজনীতিতে প্রভাব বিস্তার কিবা কোন অনিয়ম, দুর্নীতি করেননি। পৌরসভার ১নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুমা খান তার ছোট বোনের মত। তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে জনৈক লায়ন নিলয় পারভেজ তার ফেসবুক আইডিতে তাকেসহ পৌরসভার ১নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুমা খানকে জড়িয়ে “হানি ট্রাপের” মনগড়া তথ্য দিয়ে পোস্ট করে অপপ্রচার চালাচ্ছেন। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এলাকার কতিপয় কুচক্রী মহলের যোগসাজশে তিনি প্রতিনিয়ত এসব অপপ্রচার চালাচ্ছেন। যাতে তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের নিকট অপপ্রচারকারী লায়ন নিলয় পারভেজকে আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে পৌরসভার ১নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক সুমা খান লিখিত বক্তব্যে বলেন, তিনিসহ তার পুরো পরিবার জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন খান অপু তার বড় ভাইয়ের মত। তার সাথে রাজনৈতিক পরিচয় ছাড়া আর কোন সম্পর্ক নেই। বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাসিন্দা ঢাকায় বসবাসরত জনৈক লায়ন নিলয় পারভেজ তাকে একটি মহিলা মানবাধিকার সংগঠনের লাইসেন্স দেয়ার নামে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। ওই টাকা ফেরত চাইলেই তিনি তাকে অশ্লীল ভাষায় গালাগালসহ দেখে নেয়ার হুমকি দেয়। সেই হুমকির ধারাবাহিকতায় লায়ন নিলয় পারভেজ তার ব্যবহৃত ফেসবুক আইডিতে ছাত্রদল নেতা সাদ্দাম নেতা অপুর সাথে তাকে জড়িয়ে “হানিট্রাপ” নামীয় কাল্পনিক মিথ্যা ও কুরুচিপূর্ণ লেখাসহ ফটোকার্ড পোস্ট করেছে। এতে তিনিসহ তার পরিবার সামাজিক ও রাজনৈতিকভাবে মর্যাদা ক্ষুন্ন এবং হেয়প্রতিপন্ন হয়েছেন। এমনকি নিলয় পারভেজের অসত্য লেখালেখির কারণে তার পরিবারে ভুল বুঝাবুঝি ও অশান্তি দেখা দিয়েছে। এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।