আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশী মুদ্রার জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭শে আগস্ট) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি, জীবননগর শাখার সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক পিএলসি, চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপপরিচালক আসলাম হোসেন ও আব্দুস সোবাহান।
কর্মশালায় বক্তারা বলেন, ‘জাল নোট বাজারে ছড়িয়ে পড়লে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে কাগুজে মুদ্রার প্রতি আস্থা কমে যায় এবং দেশের আর্থিক ব্যবস্থাও হুমকির মুখে পড়ে। তারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তারা আরও বলেন, জাল নোট তৈরি, বহন বা লেনদেনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে।’
এসময় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে আসল ও জাল নোট শনাক্তের বিভিন্ন কৌশল তুলে ধরা হয় এবং জাল নোট প্রতিরোধে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের করণীয় বিষয়েও আলোচনা করা হয়।
কর্মশালায় জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, সোনালী ব্যাংক পিএলসি জীবননগর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল হান্নান, প্রিন্সিপাল অফিসার আরিফ বিল্লাহ, সিনিয়র অফিসার আশরাফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুকসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।