ইতিহাসে বহু সংস্কারক এসেছেন। কেউ রাজনীতি বদলেছেন, কেউ অর্থনীতির কাঠামো পরিবর্তন করেছেন, কেউবা আইন ও প্রশাসনে সংস্কার এনেছেন। কিন্তু ইতিহাসে এমন একজন মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছিল, যিনি মানুষের বিশ্বাস, চিন্তা, চরিত্র, পরিবার, অর্থনীতি, বিচারব্যবস্থা ও সামাজিক সম্পর্ক—সবকিছুর ইতিবাচক রূপান্তর ঘটিয়েছিলেন। তিনি হলেন সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.)। তাঁর আগমনের পূর্বে আরব সমাজ ছিল অজ্ঞতা ও নৈতিক অবক্ষয়ের গভীর অন্ধকারে নিমজ্জিত। গোত্রীয় অহংকার, প্রতিশোধ, সুদ, মদ, জুয়া, নারী অবমাননা, এতিমের অধিকার হরণ এবং কন্যাশিশু হত্যা ছিল সেই সমাজের নির্মম বাস্তবতা। এমন একটি সমাজে দাঁড়িয়ে রাসুলুল্লাহ (সা.) মানুষের সামনে এমন এক জীবনব্যবস্থা উপস্থাপন করেন, যার ভিত্তি ছিল তাওহিদ, ন্যায়, মানবিক মর্যাদা, দায়িত্ববোধ ও আল্লাহভীতি। আল্লাহ তায়ালা বলেন, “আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপই প্রেরণ করেছি” (সূরা আল-আম্বিয়া: ১০৭)।
পরিবর্তনের সূচনা হয়েছিল মানুষের অন্তর থেকে
রাসুল (সা.) সমাজ পরিবর্তনের কাজ শুরু করেছিলেন মানুষের অন্তর পরিবর্তনের মাধ্যমে। তিনি মানুষকে বুঝিয়েছেন—মানুষের প্রকৃত মালিক আল্লাহ, আর মানুষ তাঁর বান্দা। ফলে কোনো মানুষ অন্য মানুষের ওপর বংশ, সম্পদ, ক্ষমতা কিংবা গোত্রের কারণে শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে না। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে—“নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান”(সূরা আল-হুজুরাত: ১৩)। এই একটি নীতিই আরবের শতাব্দীপ্রাচীন গোত্রীয় অহংকারের ভিত নড়িয়ে দিয়েছিল। কালো-সাদা, আরব-অনারব, ধনী-গরিব—সবাইকে মানবিক মর্যাদার অভিন্ন মাপকাঠিতে দাঁড় করানো হয়েছিল।
নারীকে অবমাননা থেকে মর্যাদার আসনে
জাহেলি সমাজে কন্যাসন্তান ছিল অনেকের কাছে বোঝা। কন্যাশিশুকে জীবন্ত কবর দেওয়ার মতো ভয়াবহ প্রথাও প্রচলিত ছিল। ইসলাম সেই নিষ্ঠুরতার বিরুদ্ধে মানবতার শক্ত অবস্থান নেয়।
আল্লাহ বলেন—“আর যখন জীবন্ত কবর দেওয়া কন্যাশিশুকে জিজ্ঞেস করা হবে—কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?” (সূরা আত-তাকভীর: ৮-৯)। রাসুলুল্লাহ (সা.) নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেন। তিনি পরিবারে উত্তম আচরণকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে তুলে ধরে বলেন—“তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যে তার পরিবারের কাছে সর্বোত্তম”(জামে তিরমিজি)। এ শিক্ষা আজও পারিবারিক শান্তি ও সুস্থ সামাজিক পরিবেশ গঠনের অন্যতম ভিত্তি হতে পারে।
দুর্বল মানুষের পাশে দাঁড়ানো
একটি সভ্য সমাজের পরিচয় শুধু তার প্রাসাদ, সড়ক কিংবা সম্পদের পরিমাণে নয়; বরং সেই সমাজ কতটা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তার ওপরও সভ্যতার মান নির্ভর করে। রাসুল (সা.) এতিম, দরিদ্র, মিসকিন ও অসহায় মানুষের অধিকারকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কুরআন এতিমের প্রতি অবহেলা ও তার সম্পদ আত্মসাতের কঠোর নিন্দা করেছে। তিনি এমন সমাজ গড়ে তুলেছিলেন যেখানে ধনী ব্যক্তি দরিদ্রের প্রতি দায়িত্বশীল এবং শক্তিশালী ব্যক্তি দুর্বলের অধিকার রক্ষায় বাধ্য।
অর্থনৈতিক জীবনে সততার বিপ্লব
সমাজের নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হলো অর্থনৈতিক অনিয়ম। রাসুলুল্লাহ (সা.) প্রতারণা, মাপে কম দেওয়া, সুদ ও অন্যায়ভাবে সম্পদ ভোগের বিরুদ্ধে অবস্থান নেন। আল্লাহ বলেন—“আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন”(সূরা আল-বাকারা: ২৭৫)। ব্যবসা-বাণিজ্যে প্রতারণার ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) কঠোর সতর্কতা উচ্চারণ করেছেন—“যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়”(সহিহ মুসলিম)। আজকের সমাজে দুর্নীতি, প্রতারণা ও অর্থনৈতিক বৈষম্য কমাতে এই নীতিগুলোর বাস্তব প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ন্যায়বিচার ছিল তাঁর সমাজের মেরুদণ্ড
রাসুল (সা.) এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেন যেখানে বিচার ব্যক্তির পরিচয় দেখে পরিবর্তিত হতো না। আপনজন হলেও অপরাধের বিচার হতো, আর অপরাধী প্রভাবশালী হলেও আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ ছিল না। আল্লাহ তায়ালা বলেন—“কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায়বিচার পরিত্যাগে প্ররোচিত না করে। তোমরা ন্যায়বিচার করো; এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী”(সূরা আল-মায়িদা: ৮)। এটি কেবল একটি ধর্মীয় নির্দেশ নয়; বরং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ পরিচালনার একটি সর্বজনীন নীতি।
বিভক্ত মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা
আরবের গোত্রগুলো সামান্য বিষয়েও বছরের পর বছর যুদ্ধ করত। প্রতিশোধ ছিল তাদের সামাজিক সংস্কৃতির অংশ। রাসুলুল্লাহ (সা.) সেই বিভাজনের পরিবর্তে ভ্রাতৃত্বের ভিত্তি স্থাপন করেন। কুরআন ঘোষণা করে—“মুমিনগণ পরস্পর ভাই ভাই”(সূরা আল-হুজুরাত: ১০)। মদিনায় মুহাজির ও আনসারদের মধ্যে যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, তা মানব ইতিহাসের অন্যতম অনন্য সামাজিক দৃষ্টান্ত। নিজের সম্পদ, ঘর ও সামর্থ্য দিয়ে অন্য ভাইকে সহযোগিতা করার মানসিকতা তৈরি হয়েছিল।
চরিত্র গঠন: সংস্কারের মূল চাবিকাঠি
রাসুলুল্লাহ (সা.) বুঝিয়েছেন, শুধু আইন করে ভালো সমাজ তৈরি করা যায় না; মানুষের চরিত্রও বদলাতে হয়। তাই তাঁর সমাজ সংস্কারের কেন্দ্রবিন্দুতে ছিল নৈতিক চরিত্র। সত্যবাদিতা, আমানতদারি, ক্ষমাশীলতা, ধৈর্য, বিনয়, প্রতিবেশীর অধিকার এবং মানুষের প্রতি দয়া—এসব গুণ তিনি নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। হযরত আয়েশা (রা.)-কে যখন তাঁর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেন—“তাঁর চরিত্র ছিল কুরআন”(সহিহ মুসলিম)। অর্থাৎ রাসুল (সা.) ছিলেন কুরআনের শিক্ষার জীবন্ত প্রতিচ্ছবি।
আজকের সমাজে নবীজি (সা.)-এর শিক্ষা
আজ আমরা আধুনিক সভ্যতার দাবি করি। প্রযুক্তি আমাদের হাতের মুঠোয়, যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব, অর্থনীতির পরিধিও বিস্তৃত। কিন্তু প্রশ্ন হলো—আমাদের নৈতিকতা কতটা উন্নত হয়েছে?
দুর্নীতি, মাদক, পারিবারিক অশান্তি, সামাজিক বৈষম্য, প্রতারণা, সহিংসতা, অন্যায় ও মূল্যবোধের অবক্ষয় আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতায় রাসুলুল্লাহ (সা.)-এর সমাজ সংস্কারের পদ্ধতি আমাদের নতুন করে ভাবতে শেখায়। পরিবর্তন শুধু রাষ্ট্রীয় আইন দিয়ে নয়; পরিবর্তন শুরু হতে হবে মানুষের হৃদয় ও চরিত্র থেকে। ব্যক্তি সৎ হলে পরিবারে তার প্রভাব পড়বে, পরিবার সুশৃঙ্খল হলে সমাজে তার প্রভাব পড়বে, আর সমাজ ন্যায়ভিত্তিক হলে রাষ্ট্রও তার সুফল পাবে। আল্লাহ তায়ালা বলেন—“নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ”(সূরা আল-আহযাব: ২১)।
হযরত মুহাম্মদ (সা.)-এর সমাজ সংস্কার কোনো সাময়িক আন্দোলন নয়; এটি ছিল মানুষের জীবন ও মূল্যবোধের একটি পূর্ণাঙ্গ রূপান্তর। তিনি অজ্ঞতার জায়গায় জ্ঞান, অন্যায়ের জায়গায় ন্যায়, বিভেদের জায়গায় ভ্রাতৃত্ব, শোষণের জায়গায় মানবিকতা এবং নৈতিক অবক্ষয়ের জায়গায় তাকওয়া ও উত্তম চরিত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাই আজ সমাজের অস্থিরতা দূর করতে হলে শুধু নতুন আইন বা নতুন স্লোগান যথেষ্ট নয়। প্রয়োজন মানুষের চিন্তা, বিবেক ও চরিত্রের পরিবর্তন। আর সেই পরিবর্তনের সবচেয়ে উজ্জ্বল ও পরীক্ষিত আদর্শ হলো রাসুলুল্লাহ (সা.)-এর জীবন। মানবতার জন্য তাঁর আদর্শ শুধু অতীতের ইতিহাস নয়; বরং সুন্দর সমাজ নির্মাণের জন্য আজও এক জীবন্ত পথনির্দেশ।
লেখক:
মাওলানা মুহাম্মদ নাজমুল হুদা
সাংগঠনিক সম্পাদক, হেরার আলো ফাউন্ডেশন।