বরগুনা প্রতিনিধি:: বরগুনায় রাতের আধাঁরে গাছ থেকে ডাব চুরির সময় ভিমরুলের কামড়ে পড়ে গিয়ে আহত হন দবির (৩৫) নামের এক যুবক। ফলে গুরুতর আহত অবস্থায় উঠতে না পারায় উদ্ধার করতে বাড়ির মালিককেই ডাকেন তিনি। পরে খবর পেয়ে আহত অবস্থায় ওই চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। সংবাদ শিরোনাম সংগ্রহ

শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা নামক এলাকায় বেলাল নামে এক বাসিন্দার বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতের দিকে বরগুনা সদর উপজেলা খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের একটি নারিকেল গাছ থেকে ডাব চুরির জন্য ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কিছু ডাব কেটে মাটিতেও ফেলেন তিনি। পরে হঠাৎ গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত পড়তেই দবিরকে কামড়াতে শুরু করে ভিমরুল। এ সময় তিনি গাছ থেকে সরাসরি সজোড়ে মাটিতে পড়ে গিয়ে কোমর ও হাতে গুরুতর আঘাত পেয়ে গাছের নিচে পড়ে ছিলেন। এরপর সকালে দবির ওই বাড়ির বাসিন্দাদেরকে উদ্ধার করতে ডাকাডাকি করলে বিষয়টি পুলিশকে জানান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

বাড়ির মালিক বেলাল বলেন, সে এলাকার সব গাছের ডাব ও সুপারির মালিক মনে করে নিজেকে। সকালে ঘুম থেকে ওঠার পর সে আমাদের ডেকে বলে, ভাই আমাকে উদ্ধার করেন। আমি গাছের নিচে পড়ে আছি। গিয়ে দেখি ডাবসহ ওই চোর গাছের নিচে পড়ে আছে। এরপর পুলিশে খবর দেই, তারা এসে তাকে উদ্ধার করেছেন।

বরগুনা সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শামীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় দবির নামে একজনকে উদ্ধার করেছি। গুরুতর আহত থাকায়, তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।