গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে পৃথক চার ঘটনায় এক কিশোর ও এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে নিলয় সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছরের শিশু জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া কালিয়াকৈরে জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ এবং মৌচাক এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাক্প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর দক্ষিণ পাড়া এলাকায় গরুর ঘাস কাটা নিয়ে বিবাদে রাসেল নামে এক যুবকের হামলায় নিলয় সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত নিলয় ওই এলাকার মনির সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘাস কাটা নিয়ে চাচাতো ভাই রাসেলের সাথে নিলয়ের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। ঝগড়ার জেরে বাজার থেকে ফেরার পথে নিলয়ের ওপর ওঁৎ পেতে হামলা চালায় রাসেল। আব্দুর রশিদ এতিমখানার পাশে পাকা রাস্তায় পৌঁছামাত্রই নিলয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত কোপ দেয় ঘাতক রাসেল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান (৫) নামের এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদের ঘাটে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান।নিহত জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দুপুর থেকে শিশু জাহিদ হাসানকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে ব্রহ্মপুত্র নদের ঘাটে স্থানীয়রা ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কাপাসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অপরদিকে, শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার গলাচিপা এলাকার জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জঙ্গলের ভেতরে গাছের সঙ্গে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।অপরদিকে, জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ জানান, জয়দেবপুর-ঢাকা রেলসড়কের মৌচাক রেল স্টেশন এলাকায় সকাল ১০টার দিকে ট্রেনে নিচে কাটা পড়ে আবু বকর নামে এক বাক প্রতিবন্ধী যুবক মারা যান। নিহতের বাড়ি রেল স্টেশন এলাকায় হওয়ায় পরিবারের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।