নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়কে (ববি) আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম ‘ফ্যাসিস্ট বাহিনী মুক্ত’ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

জানা যায়, ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে গত ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে তৎকালীন স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এর মাধ্যমে জুলাই আন্দোলনে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ফ্যাসিস্টমুক্ত হয় ক্যাম্পাসটি। শিক্ষার্থীদের এই সাহসী প্রতিরোধই পরবর্তীতে বরিশালে স্বৈরাচার পতনের আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ এবং সিন্ডিকেট সদস্য ও বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি এখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও চ্যান্সেলর বরাবর পাঠানো হবে।