খুলনা প্রতিনিধি:: বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার দিগরাজ এলাকায় অভিযান চালায় র‍্যাব-৬ সদর কোম্পানির একটি দল। এ সময় গোপাল সরকারকে আটক করা হয়। তিনি মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।

র‍্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে গোপাল সরকারকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী গাঁজাগুলো জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার গোপাল সরকারের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে উদ্ধার করা গাঁজাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।