বরিশাল প্রতিনিধি:: বরিশালে নানা আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নগরীর বটতলা থেকে আনন্দ মিছিল বের করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুর কবির জাহিদ। একই সময় বিএনপি’র দলীয় কার্যালয় সংক্ষিপ্ত সমাবেশ করে মহানগর বিএনপি। এতে দলীয় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় নগরীর ৩০টি ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে অনুষ্ঠানের স্থলে উপস্থিত হন বিভিন্ন ওয়ার্ডের নেতারা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের সকল সমস্যা সমাধান করে একটি আধুনিক, স্বনির্ভর, গনতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোড এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বরিশাল জেলা বিএনপি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।