পটুয়াখালী প্রতিনিধি:: বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সিকদার পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার দলুগাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. আতিক (৩২) পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা এলাকার বাসিন্দা। তিনি মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে।স্থানীয়ভাবে তিনি ডিলারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন আতিক।এ সময় দলুগাজীর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা সিকদার পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দলুগাজীর মোড় এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।