আপডেট নিউজ ডেস্ক:: নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে ঘোরাফেরার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের নামে তৈরি ভুয়া পরিচয়পত্র ও একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ফতুল্লা থানার ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকায় বিসমিল্লাহ টাওয়ারের সামনে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে অবস্থান করছেন বলে খবর পায় পুলিশ। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেয়। একপর্যায়ে পুলিশ তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি।পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের নামে তৈরি ভুয়া পরিচয়পত্র ও একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর থানার বজরা গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজি (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আ. ছালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম।তিনি বলেন, ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে