নিজস্ব প্রতিবেদক:: পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত স্বামী রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার ঢাকার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি রাসেল হাওলাদারের স্ত্রী।
নিহতের ভাই মেহেদী জানান, চাকরির সুবাদে সুমি ও তার স্বামী রাসেল ঢাকায় বসবাস করতেন। পরকীয়ার সন্দেহে শুক্রবার দিনভর সুমিকে নির্যাতন করেন রাসেল। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সুমির মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর ওই বাসার লোকজন খিলগাঁও থানায় সুমি আত্মহত্যা করেছেন বলে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান রাসেল হাওলাদার।
পরে সুমিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।এ ঘটনায় নিহতের ভাই মেহেদী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে সুমি আক্তারের মরদেহ গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামে নেওয়া হয়। শনিবার সকালে সেখানে তার দাফন সম্পন্ন হয়েছে।