উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা একটি সড়ক নিজ অর্থায়নে সংস্কার করে চলাচলের উপযোগী করে দিয়েছেন স্থানীয় সমাজসেবক পলাশ কুন্ড। তাঁর উদ্যোগে সড়কটি ব্যবহারকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েকটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে এসব সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়।স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পলাশ কুন্ড নিজ উদ্যোগে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নেন। পরে নিজের অর্থায়নে ইটসহ প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সরবরাহ করে সড়কটি সংস্কার করেন। এতে ওই সড়ক দিয়ে মানুষের চলাচল অনেকটা সহজ হয়েছে বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসী জানান, শুধু সড়ক সংস্কার নয়, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজেও পলাশ কুন্ডের সম্পৃক্ততা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ এলাকার সমস্যাগুলো সমাধানে এগিয়ে এলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। পলাশ কুন্ডের নিজ অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগকে তাঁরা ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “মানুষের পাশে দাঁড়াতে সব সময় পদ-পদবির প্রয়োজন হয় না। নিজের সামর্থ্য ও ইচ্ছা থাকলেই মানুষের জন্য কিছু করা সম্ভব। পলাশ কুন্ডের উদ্যোগটি তারই উদাহরণ।”
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও পলাশ কুন্ড তাঁর সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এবং শোলক ইউনিয়নের মানুষের পাশে থাকবেন।