পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ মো. রাসেল (২৭) নামে এক চা দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার রাত ৮টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন চন্দ্র হাওলাদারের নেতৃত্বে দুমকি থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মুরাদিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে রাসেলের নিজস্ব চায়ের দোকানে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচার তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরনের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৫০০ টাকা।পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করে রাসেলকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।থানা সূত্রে আরও জানা গেছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।