বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। এ সময় এক নারী ও তার ১৬ বছর বয়সী ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তবে মাদক বিক্রির মুলহোতা পরিবারের প্রধান বাইজিদ হাওলাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতার দুজন হলেন বাইজিদ হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম (৩৫) ও তার ছেলে সানাউল্লাহ (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, চরকগাছিয়া গ্রামের বাইজিদ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে এসআই তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বাইজিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।