বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জান্নাতী আক্তার (১১) ও লামিয়া আক্তার (৮) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতী মুস্তাইন শেখের মেয়ে এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে।পরিবার ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে দাদী নাছিমা বেগমের সঙ্গে বাড়ির কাছের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতী ও লামিয়া। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করে।পরে তাদের চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফনের প্রস্তুতি চলছে।