নিজস্ব প্রতিনিধি:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গারুড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতি ও মাদকমুক্ত এবং জনবান্ধব ‘মডেল’ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ্ব এম. সাখাওয়াত হোসেন খান (পলাশ)। এলাকার অবহেলিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং জনসেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

গারুড়িয়ার ভান্ডারীকাঠী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী সাখাওয়াত হোসেন পলাশ দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নানাভাবে অবদান রেখে চলেছেন। বিশেষ করে করোনাকালীন দুর্যোগ ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে তার মানবিক সহায়তা এলাকা জুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

নিজের লক্ষ্য ও প্রত্যাশা ব্যক্ত করে আলহাজ্ব এম. সাখাওয়াত হোসেন খান (পলাশ) বলেন, “আমি এই মাটিরই সন্তান। এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখের সাথে আমি সব সময় ছিলাম এবং আগামীতেও থাকবো। সরকারি সুবিধা প্রকৃত হতদরিদ্রদের কাছে পৌঁছে দেওয়া, অবকাঠামোগত উন্নয়ন এবং স্বচ্ছতার সঙ্গে সেবা দেওয়াই আমার প্রধান অঙ্গীকার। রাজনৈতিক পদ-পদবীর চেয়ে জনগণের ভালোবাসা নিয়েই আজীবন তাদের পাশে থাকতে চাই।”

নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, সাধারণ মানুষের চাওয়া এবং মহান আল্লাহর ওপর নির্ভর করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জনগণ চাইলে তিনি সেবক হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ে কাজ করতে প্রস্তুত।

শিক্ষাগত যোগ্যতায় উচ্চশিক্ষিত এই প্রার্থী এমবিএ (ফিন্যান্স ও এইচআরএম), এলএলবি এবং পিজিডি (এসসিএম) ডিগ্রিধারী। সমাজসেবার পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথেও যুক্ত। তিনি ঐতিহ্যবাহী গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সদ্য সাবেক সভাপতি, হিরাধর মোহাম্মাদিয়া কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার সহ-সভাপতি এবং বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে গারুড়িয়া ইউনিয়নের চা-স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ্য ও সৎ প্রার্থী নিয়ে চলছে নানা আলোচনা।স্থানীয় ভোটারদের মতে, জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সাখাওয়াত হোসেন পলাশ ইতোমধ্যে সর্বস্তরের মানুষের আাস্থা ও ভালোবাসার জায়গা করে নিয়েছেন।