নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা এবং হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় তারা আকস্মিকভাবে জেলা হাসপাতাল পরিদর্শন করেন।এ সময় দুই প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে দুই প্রতিমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।রোগীরা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, চিকিৎসা-সংক্রান্ত কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না সেসব বিষয়ে তারা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবার পরিবেশ, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।রোগীদের যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরিদর্শনের এক পর্যায়ে হাসপাতালের রোগীদের জন্য পরিবেশিত খাবারের মান ও পরিমান সরেজমিন পরীক্ষা করেন দুই প্রতিমন্ত্রী।খাবারের গুণগত মান, প্রস্তুত ও পরিবেশনের প্রক্রিয়া এবং রোগীদের জন্য নির্ধারিত খাবার যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে কি না, তা তারা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের কর্মকর্তাদের রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের জন্য নির্ধারিত খাবারের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।