বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীতে দাম্পত্য কলহের জেরে নুরুজ্জামান হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে তার স্ত্রী পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর বাসার বাইরে থেকে তালা দিয়ে স্ত্রী নাসিমা বেগম পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে নগরের ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির আহসান হাবিবের ভাড়া বাসা থেকে নুরুজ্জামানের লাশ উদ্ধার করে পুলিশ।দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত নুরুজ্জামান হাওলাদার বরিশাল আদালতের এক আইনজীবীর মুহুরি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামে।শেরপুরে তিন ভাইকে হত্যাচেষ্টার মামলায় তিনজনের কারাদণ্ড
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে তার স্ত্রী নাসিমার দাম্পত্য কলহ চলছিল। এর জেরে সোমবার দিবাগত রাতে তাদের মধ্যে আবারও বিরোধ হয়। একপর্যায়ে নাসিমা তার স্বামীকে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।পরে নুরুজ্জামানের লাশ ঘরের ভেতরে রেখে বাসার বাইরে থেকে তালা দিয়ে নাসিমা পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাসার তালা ভেঙে নুরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি জানান, চাকরির সুবাদে নুরুজ্জামান ও তার স্ত্রী ইছাকাঠি এলাকার ওই ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছেন।তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পলাতক স্ত্রীকে গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।