আমিনুর রহমান নয়ন: নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) দিনভর ঢাকার পল্টন টাওয়ারের ৪র্থ তলায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি আমানউল্লাহ দৌলত। পরে অতিথিদের আসন গ্রহণ শেষে প্রতিনিধিদের পরিচয় পর্ব শুরু হয়। একে-অপরের সাথে পরিচয় শেষে নিজেদের মধ্যে খোশগল্প, হাসি-ঠাট্টা ও নানা আলাপচারিতায় মাতেন প্রতিনিধিরা।
দুপুরে জুমার নামাজের বিরতির পর সকলে একসাথে মধ্যাহ্নভোজন শেষে শুরু হয় আলোচনা সভা। আজকের বসুন্ধরা পত্রিকার প্রধান প্রতিবেদক সাইদুর রহমান বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ফরিদ খান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, কেরু অ্যান্ড কোম্পানির ডিহি কৃষি খামারের ইনচার্জ ইমদাদুল হক, আজকের বসুন্ধরা পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এইচএম আমান, সিনিয়র স্টাফ রিপোর্টার সমীর কুমার দাস ও গাজীপুর জেলা প্রতিনিধি হিমু সরকার।
আলোচনা সভায় কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি আশেকউল্লাহ ফারুকী, দিনাজপুর জেলা প্রতিনিধি ইউসুফ আলী, চাঁদপুর জেলা প্রতিনিধি রাসেল দেওয়ানসহ অন্যান্য প্রতিনিধিরা বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। ভারপ্রাপ্ত সম্পাদক তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক উপদেশ দেন।
এসময় নিয়মিত সঠিক সংবাদ তুলে ধরায় সারাদেশের প্রতিনিধিদের ভেতর থেকে ১১ জনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। এছাড়া সকল প্রতিনিধিকে দেওয়া হয় শুভেচ্ছা উপহার। পরে কেক কেটে আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাংবাদিক নজরুল ইসলাম ও তায়্যেবা আক্তার।