নিজস্ব প্রতিবেদক:: বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়েছে। এ ঘটনায় আব্দুল মালেক (৭০) নামে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। দুর্ঘটনায় একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। যাত্রীদের অনেককে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আর আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি আরও জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।