বরিশাল প্রতিনিধি:: বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ বন্দর সড়কের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তাঁর ছোট ভাই তামিম হোসেন (২৮)।ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুই ভাইয়ের দেহ তল্লাশি করে মোট চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।গৌরনদী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হবে।