ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখান উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মো. হাসনাইন আহাম্মেদ ওরফে মুসা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আসামি গ্রেপ্তারের বিষয়ে তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর জয়নগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর রাতে উত্তর জয়নগর এলাকায় স্বামীর বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৮ বছর বয়সী আঁখি আক্তারের শরীরে তরল অ্যাসিড নিক্ষেপ করা হয়। অ্যাসিডে তাঁর গলা থেকে পেট পর্যন্ত গুরুতর দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর দৌলতখান থানায় ২০০২ সালের অ্যাসিড অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে এবং ভোলার আদালতে সোপর্দ করে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম আঁখি আক্তারকে দেখতে যান ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি ভিকটিম ও তাঁর স্বজনদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।