মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: চিকিৎসা বঞ্চিত চরাঞ্চলের মানুষের জন্য সুখবর। মেহেন্দিগঞ্জে এসেছে সর্বাধুনিক ভাসমান মোবাইল হাসপাতাল-জাহাজ। মধ্যপ্রাচ্যের দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত জাহাজটির নাম KING ABDULLAH BIN ABDULAZIZ MOBILE HOSPITAL (KAAP-MHB)-5।
বুধবার জাহাজটি উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নে নোঙর করেছে। আগামী শনিবার থেকে সেখানে দুই মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা চালু হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরানুর হক জানান, প্রতিদিন ১৫০ থেকে ২০০ জন রোগী এখানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন। নির্ধারিত দিনে চোখ, দাঁত ও হাড়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন এবং ছোটখাটো অস্ত্রোপচারও বিনামূল্যে করা হবে। রোগীদের যাতায়াতের জন্য বিশেষ শাটল নৌযানের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও জানান, জাহাজটি উপজেলা সদরে স্থাপনের চেষ্টা করা হলেও স্থানীয় আপত্তির কারণে বিদ্যানন্দপুরে নিতে হয়েছে। এতে সদর ও দক্ষিণপাড়ের ৪ ইউনিয়নের মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে।
তবুও এ উদ্যোগে খুশি চরবাসী। স্থানীয় বাসিন্দা জয়নাল ও ফাতেমা বলেন, দীর্ঘদিন ওঝা-কবিরাজ নির্ভর থাকার পর অবশেষে আমরা উন্নত চিকিৎসা পেতে যাচ্ছি।