পাথরঘাটা প্রতিনিধি:: চোরাচালানবিরোধী অভিযানে বরগুনার পাথরঘাটায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।জব্দ করা হয়েছে একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানও।
পটুয়াখালীর রাঙাবালি উপজেলার বড় বাইশদিয়া গ্রামের মানিক সরদারের ছেলে সোহাগ সরদার (৩২), কুয়াকাটার পশ্চিম খাজুরা গ্রামের আলম মোল্লার ছেলে মঞ্জু মোল্লা, রাঙাবালির মোডুবি গ্রামের নাসির হাওলাদারের ছেলে মো সাগর হাওলাদার (৩৮), কলাপাড়া উপজেলার পাখি মারা গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে রেজাউল গাজী ও বাকেরগঞ্জ উপজেলার নবানখালী গ্রামের শাজাহান হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার (৪৫)
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পাথরঘাটা থানার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি ও এক হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়। জব্দ এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।
একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত ফিশিং বোট ও কাভার্ডভ্যান জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, জব্দ করা সব আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।