ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ হওয়া বসার পন্ডিত (৩৫) নামে এক যুবকের পেট কাটা ও গলায় ক্ষতচিহ্নযুক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারী ও তার স্বামীকে আটক করেছে দক্ষিণ আইচা থানা-পুলিশ। লাশ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নজরুল নগর ইউনিয়নের বাবুর হাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বসার পন্ডিত একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় আবুল মৃর্ধার মেয়ে সালমা বেগম ফোন করে বসার পন্ডিতকে তার বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

রোববার বেলা ১২টার দিকে সালমা বেগমের বাড়ির সামনের কচুরিপানায় ভরা একটি ডোবায় বসার পন্ডিতের ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহের পেটে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ক্ষতচিহ্ন রয়েছে। তবে কীভাবে এবং কারা তাকে হত্যা করেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন সালমা বেগমের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পরে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জেলা সদর) আহসানুজ্জামান পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান এবং দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে সালমা বেগম ও তার স্বামী সাহিদুর রহমানকে আটক করা হয়েছে।

নিহতের বাবা আবুল কাশেম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে ফোনে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ উন্মোচন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’