বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আসামি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় মামলাটি করেন বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক।মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আনোয়ার হোসেন খানকেও আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৪ সেপ্টেম্বর রাত ৩টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামে জনসাধারণের ক্ষতি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মামলার উল্লেখিত আসামিরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বজলুল হাওলাদার নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।মামলায় নাম উল্লেখ করা ১৯ জন আসামির মধ্যে ৬ নম্বর তালিকায় রয়েছেন মো. আনোয়ার হোসেন খান। তিনি মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি।এ বিষয়ে আনোয়ার হোসেন খান বলেন, ‘পূর্বশত্রুতার জেরে একটি কুচক্রী মহল তদবির করে মামলায় আমার নাম ঢুকিয়েছে।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের মামলা-হামলার শিকার হয়েছি। অথচ সেই আওয়ামী লীগের সঙ্গেই মামলার আসামি হলাম—বিষয়টি খুবই বেদনাদায়ক। বিএনপির দায়িত্বশীল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।’এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘গত ২৪ সেপ্টেম্বর রাতে এসআই এনামুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’ আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিএনপি নেতার নাম কীভাবে এরো—প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দেননি।