ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরায় মো. শরিফ নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।আহত ইউপি সদস্যের নাম মো. শরিফ। তিনি উপজেলার কলাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।তার বাড়ি ওই ইউনিয়নের কাজীরচর এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মহিষ দেখভালের জন্য কলাতলী ইউনিয়নের কাজীরচরে যান শরিফ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা করে। তাকে বেদম মারধর করে হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আহত ইউপি সদস্য মো. শরিফ জানান, কাজীরচর ঘাটসংলগ্ন মহিষ দেখভালের জন্য গেলে পেছন থেকে হামলা করে তার হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা।তিনি জানান, হামলাকারীদের মধ্যে তিনজনকে চিনতে পেরেছেন তিনি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান শরিফ।মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।