আমিনুর রহমান নয়ন: জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৩রা অক্টোবর) বিকালে উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।

আটক ৩ জন হলেন- জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খাঁ পাড়ার ছমির উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৪), দৌলতগঞ্জ উত্তরপাড়ার আরজ আলীর ছেলে জাহিদ হাসান (১৯) এবং খয়েরহুদা গ্রামের পূর্বপাড়ার বাহার আলীর ছেলে ইয়ামিন (২২)।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ১ পিস ইয়াবা ট্যাবলেট৷ এছাড়া জাহিদ হাসানের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ গ্রাম গাঁজা এবং ইয়ামিনের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ পিস ইয়াবা ট্যাবলেট।

পরবর্তীতে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য আটক ৩ জনকে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির করা হলে আসামি দেলোয়ার হোসেনকে ১ মাসের বিনাশ্রাম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, আসামি জাহিদ হাসানকে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং আসামি ইয়ামিনকে ২ মাসের কারাদণ্ড ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।