পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেসমিন বেগম ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী। কেরামত একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির বাগানে সুপারি পাড়তে আসেন শ্রমিক মাহাফুজ। দীর্ঘ সময় ডাকাডাকি করলেও জেসমিন বেগমের কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের ভেতরে খোঁজ নিতে যান।এ সময় বাড়ির দরজা খোলা ছিল। ঘরে ঢুকে তিনি খাটের ওপর জেসমিন বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন।জেসমিনের গায়ে কোনো পোশাক ছিল না বলে স্থানীয়রা জানান।এ সময় ঘরের বিভিন্ন মালামাল তছনছ এবং আলমারি ও বাক্স ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি বাড়ির পাশের লোকজন ও আত্মীয়-স্বজনকে জানানো হলে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান এবং নেছারাবাদ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণয় রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।