বরিশাল ব্যুরো:: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বরিশালে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।সোমবার (০৫ অক্টোবর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসন ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন, জেলা গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম এবং উপ-বিভাগীয় প্রকৌশলী ইকবাল মাহমুদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।আলোচনা সভায় অতিথিরা পরিকল্পিত নগরায়ণ ও সর্বজনীন বাসস্থানের প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।