মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনি উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিল করেন।সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় কালকিনি উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস।
ভুক্তভোগী পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের পাঁচ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) ধর্ষণচেষ্টা চালান। পরে বিষয়টি জানাজানি হলে তিনি পালিয়ে যান।ভুক্তভোগী পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে হাবুল শিকদার (৫৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি এলাকায় জানাজানি হলে হাবুল শিকদার পালিয়ে যান। পরে বিষয়টি নিয়ে আপস মিমাংসা করার জন্য এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন লোকজনের মাধ্যমে চাপ প্রয়োগ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় ওই গ্রামের দুই শতাধিক মানুষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে একটি ঝাড়ু মিছিল বের করেন।মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অভিযুক্ত হাবুল শিকদারের বাড়ির সামনে গেলে একপর্যায়ে বিক্ষুব্ধ কয়েকজন ওই বাড়িতে ভাঙচুর চালান। পরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছে।আমি এ ঘটনার বিচার চেয়েও বিচার পাইনি। পরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হাবুল শিকদার ও তার পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।