অনলাইন ডেস্ক:: পাংশায় জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক সিঙ্গাপুর প্রবাসীর মাছের খামার ভাঙচুর ও লুটপাটের পর বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার গভীর রাতে পাংশা উপজেলার নিভাকেষ্টপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের খামাবে বিষ প্রয়োগের ঘটনা ঘটে।এ ঘটনায় পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের মাছ মারা যায় বলে দাবি করেছেন ভুক্তভোগী।

আসাদ মন্ডল বলেন, তিনি প্রায় ১৬-১৭ বছর সিঙ্গাপুর থেকে উপার্জন করা অর্থ দিয়ে এলাকায় মাছের খামার গড়ে তুলেছেন। যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তার কাছে চাঁদা দাবি করে করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার সকালে বহিরাগত লোকজন নিয়ে তার মাছের খামারে ভাঙচুর করা হয়। এ সময় পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান আসাদ।এ বিষয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, পুকুরের প্রাচীর ভাঙচুর করা হয়েছে। রাতে ওই পুকুরের মাছ নিধন করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়।তিনি আরো বলেন, লিখিত অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।