আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ই অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স গ্রহণ না করে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যাবসা পরিচালনার দায়ে মোল্লা মো. মোতহারুল ইসলাম চঞ্চলের ‘চঞ্চল গ্যাস হাউজ’ এবং নাজমুল হাসানের মেসার্স হাসান ট্রেডার্সকে ২০ হাজার করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় হুমায়ন কবিরের মেসার্স এফএনএফ ফার্মেসিকে জরিমানা করা হয় ২ হাজার টাকা।

ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিমের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামনুল হাসান।