গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে গৌরনদী প্রেসক্লাব। বৃহস্পতিবার রাতে স্থানীয় চড়ুইভাতি রেস্টুরেন্টে প্রেসক্লাবের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।গৌরনদীতে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও সাধারণ মানুষকে হয়রানিমুক্তভাবে ভূমিসেবা প্রদানের জন্য তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার সম্পাদক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান।এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সহসভাপতি এম আলমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, গৌরনদীতে কর্মকালীন সময়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান দায়িত্বশীলতা, সততা ও জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও জনসেবামূলক ভূমিকা প্রশংসনীয়। বক্তারা তাঁর আগামী কর্মস্থলে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান তাঁর বক্তব্যে গৌরনদীতে কর্মকালীন বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় তাঁর সুস্বাস্থ্য, সাফল্য এবং আগামী কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।