নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর রাতে তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল (৬৩), তার ভাই আতিকুল ইসলাম (৫৫) এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান (৩৬)।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা হতে এবং এডভোকেট মাহাবুবকে দেওভোগে পাকা রোডের গলি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য্য ছিল।
শুনানিকালে তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।শুনানি শেষে আদালত থেকে বের হয়ে গাড়িতে উঠার সময়ে নেতাকর্মীবেষ্টিত ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন। বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে চড়েন।তখন নেতাকর্মীরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় গ্রেপ্তাররা আইভীর পাশেই অবস্থান করছিলেন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আদালত প্রাঙ্গণে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মী হয়ে তারা বুধবার আদালত প্রাঙ্গণে আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন। যেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছি।এরই অংশ হিসেবে তাদের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।’