বরিশাল প্রতিনিধি:: বরিশালের গৌরনদীতে ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে দায়ের করা মামলায় হারুন-অর রশিদ ওরফে হারুন বেপারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিন আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামের মৃত ওয়াজেদ আলী বেপারীর ছেলে হারুন-অর রশিদ তাঁরাকুপি মৌজার ৪৮ দশমিক ৩৩ শতক জমির একটি জাল দলিল তৈরি করে জমিটি নিজের বলে দাবি করে আসছিলেন। দলিলটির নম্বর ৪২৫/১৬ এবং তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কটকস্থল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে মো. হিরা বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটির নম্বর ৫৯৭/২০২৬ এবং দায়েরের তারিখ ২৩ অক্টোবর ২০২৬।
মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। পরে জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মামলাটি তদন্তের দায়িত্ব দেন উপপরিদর্শক মো. রবিউল ইসলামকে।তদন্ত শেষে পিবিআই কর্মকর্তা মো. রবিউল ইসলাম আসামি হারুন-অর রশিদের বিরুদ্ধে জালিয়াতির সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ ২০ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
মামলার নির্ধারিত তারিখে ১২ অক্টোবর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন হারুন-অর রশিদ। শুনানি শেষে বিচারক ফজলুল হক তাঁর জামিন নামঞ্জুর করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে মঙ্গলবার (১৩ অক্টোবর) আসামিপক্ষের আইনজীবী বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবারও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।