আমিনুর রহমান নয়ন: বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ২০০টি যাত্রীবাহী ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে দেশে এসে পৌঁছেছে ১৮টি রেলকোচ। শুক্রবার (১৬ই অক্টোবর) দুপুরে গেদে-দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দর্শনা রেলস্টেশনে পৌঁছায়।

কোচগুলোর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে।

দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ (কাস্টমস ক্লিয়ারেন্স) প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নেওয়া হবে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।

কোচ গ্রহণকালে প্রকল্প পরিচালক জয়দুল ইসলাম, রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল বিন ওমর, অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা সাইফুল ইসলাম ও দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাকশী রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, বাংলাদেশে প্রবেশের পর কোচগুলো যাচাই করা হয়েছে। প্রাথমিক পরিদর্শনে কোনো ত্রুটি পাওয়া যায়নি। আশা করছি বড় ধরনের যান্ত্রিক ত্রুটি ছাড়াই কোচগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সরকার প্রকল্পের মাধ্যমে ব্রডগেজ রেলকোচ কেনার জন্য চুক্তি করে ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর পুনরায় সংশোধিত চুক্তি হয়। সবগুলো কোচ দেশে পৌঁছালে নতুন নতুন ট্রেন চালুর পাশাপাশি পরিবর্তন হবে অনেক ট্রেনের পুরাতন রেক।