আমিনুর রহমান নয়ন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।

শুক্রবার (১৬ই অক্টোবর) রাতে তিনি সীমান্তবর্তী জীবননগর উপজেলার উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উথলী দাসপাড়া পূজামণ্ডপ, উথলী কর্মকারপাড়া পূজামণ্ডপ ও শিয়ালমারী পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক বিষয়সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এছাড়া তিনি শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি’র পক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর মর্মে পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আশ্বস্ত করেন।