পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ ধরে বাড়ি নেওয়ার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমানকে আটক করা হয়েছে। তার ধরা প্রায় ২০ কেজি মাছ নিলামে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার রাতে মাছগুলো উপজেলা খাদ্যগুদাম থেকে উদ্ধার করা হয়। পরে আজ শনিবার দুপুরে মাছগুলো নিলামে তোলা হলে স্থানীয় হোটেল ব্যবসায়ী জাকির হোসেন সর্বোচ্চ দর দিয়ে তা কিনে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের পুকুরে বড়শি দিয়ে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরেন ওই কর্মকর্তা। পরে রাতে ককসিটের বক্সে করে মাছগুলো বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে মাছসহ আটক করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাছগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখেন।
এ বিষয়ে পিরোজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সেলিম মাহমুদ সাগর বলেন, ‘আমি প্রশিক্ষণে আছি। এ বিষয়ে খোঁজ নিতে হবে। ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, ‘খাদ্য কর্মকর্তা অবশ্যই অন্যায় করেছেন। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাছ নিলামে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।