আমিনুর রহমান নয়ন: ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ দবির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শনিবার (১৭ই অক্টোবর) দুপুরে উপজেলার মুন্সীপুর বিওপির আওতাধীন মুন্সীপুর গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক দবির উদ্দিন মুন্সীপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন মুন্সীপুর বিওপির একদল বিজিবি শনিবার দুপুর দেড়টার দিকে সীমান্তের মেইন পিলার ৯৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামের একটি কবরস্থানের পাশে অবস্থান গ্রহণ করে।
বিজিবির অবস্থানকালে সীমান্তের দিকে যাওয়া সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩৫ লাখ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা জেলার সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।