রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. সুমন মৃধা নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে ও মারধর করে ৭ লাখ ৫ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার বারবাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যবসায়ী মো. সুমন মৃধা (৩৫) ওই এলাকার মো. রুস্তম মৃধার ছেলে।
আহত সুমন মৃধা জানান, গতকাল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। আবদুল খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হওয়ার পর পেছন থেকে পাঁচজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একপর্যায়ে তিনি সড়কে পড়ে গেলে তার সঙ্গে থাকা সাইড ব্যাগ নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। ব্যাগে ৭ লাখ ৫ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন ও তিনটি বাটন ফোন ছিল। হামলায় তার মাথায় গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাথায় ছয়টি সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
হামলাকারীদের সবার মুখে মাস্ক বা টুপি ছিল। তাদের প্রতিরোধের চেষ্টা করে তিনজনকে চিনতে পেরেছেন বলে দাবি করেন তিনি। তারা হলেন আফজাল শরীফ, রবিউল ইসলাম বাবু হাওলাদার ও লিটক। বাকি দুইজনকে চিনতে পারেননি তিনি।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’