আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে চাঁন মিয়া ওরফে চান্দালী (৫০) নামে নিখোঁজ থাকা এক অটোভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯শে অক্টোবর) সকালে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর-সাফদারপুর সড়কের পাশের একটি মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চান্দালী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্তপাড়ার বাসিন্দা ছিলেন। তার পিতার নাম জোনাব আলী।
গত বৃহস্পতিবার রাতে ভাড়া মারার জন্য ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় চান্দালী। পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন।
সোমবার সকালে দুর্গন্ধ পেয়ে পথচারীরা মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। চান্দালির পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই করে চান্দালীকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।