ভোলা প্রতিনিধি:: ভোলার দৌলতখানে সরকারি বিশেষ ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এক অসহায় বিধবা নারীর কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে।সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ প্রতারণার ঘটনা ঘটে। সর্বস্ব হারানো ভুক্তভোগী মরিয়ম বেগম (৫৫) ওই এলাকার মৃত নাছির সাজির স্ত্রী।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত দুই ব্যক্তি মরিয়ম বেগমের বাড়িতে প্রবেশ করে। তারা নিজেদের সরকারি সংস্থার লোক পরিচয় দিয়ে এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে। কার্ড তৈরির প্রক্রিয়া হিসেবে ছবি তোলার প্রয়োজন রয়েছে বলে তারা বৃদ্ধার ছবি তুলতে চায়।
এ সময় প্রতারক চক্রের সদস্যরা নানা ছলচতুরির আশ্রয় নেয় এবং ছবি ভালো আসছে না এমন অজুহাত দেখিয়ে তাঁর কানের সোনার দুলগুলো খুলে ফেলতে বলে। সরল বিশ্বাসে ওই নারী কান থেকে দুল খুলে তাদের হাতে তুলে দেন। মুহূর্তের মধ্যে দুলটি দেখার ভান করে প্রতারকরা দ্রুত মোটরসাইকেলে চড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।দিনের আলোয় অভিনব কায়দায় চুরির এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটির পক্ষ থেকে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।