বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে গতিশীলতা বাড়াতে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন এবং উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান (চুন্নু)। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ উদ্যোগের অংশ হিসেবে বাকেরগঞ্জ উপজেলাকেও অপরাধমুক্ত ও নিরাপদ জনপদে পরিণত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করতে হবে।
গ্রাম পুলিশের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গ্রাম পুলিশ সদস্যরা প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছাকাছি থেকে দায়িত্ব পালন করেন। ফলে স্থানীয় অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং অপরাধ প্রতিরোধে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য তিনি তাঁদের প্রতি আহ্বান জানান।
মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। বাকেরগঞ্জকে মাদকমুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আবুল হোসেন খান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদ্রাসা—এবং বিভিন্ন ক্লাবে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।