আমিনুর রহমান নয়ন: ক্যান্সারে আক্রান্ত হয়ে সুদূর চীনের গুয়াংজুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমতিরি সহসভাপতি ও জীবননগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য চাষি রমজান আলী। পুরোপুরি সুস্থতা কামনায় তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন। এছাড়া দোয়া কামনা করেছেন তার পরিবার ও জীবননগরের সাংবাদিক সমাজ।

দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চলতি অক্টোবর মাসের ১ তারিখের একটি ফ্লাইটে তিনি চীনের উদ্দেশ্য রওনা দেন। সেখানে চিকিৎসা নিয়ে এখন পূর্বের তুলনায় তিনি কিছুটা সুস্থ। তাকে রোবটের সহায়তায় ‘মাইক্রো অ্যাবলেশন থেরাপি’ দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে আগামী ২৮ অক্টোবর দেশে ফেরার ইচ্ছা রয়েছে তাঁর।

এর আগে গত সেপ্টেম্বর মাসে চীনে নেওয়ার প্রস্তুতির সময় সাংবাদিক চাষি রমজান হৃদরোগে আক্রান্ত হন। পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে তার হার্টে রিং পরানো হয়। ২০২৫ সালে টিউমার অপারেশনের পর চাষি রমজানের ক্যান্সার ধরা পড়ে। তিনি দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন এবং কেমো থেরাপি দেন। এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে জীবননগরের বাসায় ফেরেন। তবে পরে তার মাথায় সিস্ট ধরা পড়ে। এরপর ঢাকায় চিকিৎসার জন্য গেলে তিনি হৃদরোগ আক্রান্ত হন। পরে রওনা দেন চীনের উদ্দেশ্যে।

সাংবাদিকতার পাশাপাশি কৃষিকাজেও রয়েছে রমজানের পরিচিতি। এলাকার একজন বিশিষ্ট ফল ও সবজি চাষি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পরিচিত। মানুষের সঙ্গে মিশে, সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করে এবং কৃষির সঙ্গে যুক্ত থেকে গড়ে উঠেছে তাঁর জীবনের পথচলা। সেই পরিচিত মুখটি আজ নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছেন। জীবনের এই কঠিন সময়ে আবেগঘন বার্তায় তিনি অতীতের কোনো ভুলত্রুটি কিংবা কারও প্রতি অনিচ্ছাকৃত অন্যায় হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।