বরগুনা প্রতিনিধি:: ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা ইমরান পরিবহন নামে একটি পর্যটক ও যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন।চালকের পরিবর্তে হেল্পার বাস চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন আমতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বরগুনার আমতলী উপজেলার বান্দ্রা বাজার নামক এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন।বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে বর্তমানে পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত ৪-৫ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে পর্যটক ও যাত্রী নিয়ে বুধবার রাতে ইমরান পরিবহন নামে ওই বাসটি কুয়াকাটার উদ্দেশে ছেড়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার বান্দ্রা বাজার নামক একালাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া এ ঘটনায় ৪-৫ জনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর আলম বলেন, সকালে দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে জানতে পেরেছি, বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগের স্টোপেজে বাসের চালক নেমে যান। এরপর বাসটি হেল্পার চালাচ্ছিলেন। পরে সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো নিহতের খবর পাইনি তবে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসের চালক ও হেল্পার পলাতক থাকায় তাদেরকে আটক করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।