গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় একটি কার্টনের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত ‘সুপ্রিম গার্মেন্টসের’ কার্টন ও সুতার গুদামে লাগা আগুন দুপুর ১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথম দলটি সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদাম এবং পাশাপাশি ডিবিএল গ্রুপের সুতার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন গুদাম দুটিতে ছড়িয়ে পড়ে।তিনি জানান, দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা। গুদাম দুটি টিনশেডের। পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছে। আগুনে কাগজের কার্টন, সুতা, কাপড়, টিনশেডের তৈরি দুটি গুদাম পুড়ে গেছে। এ আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।